তথ্যের অবাধ প্রবাহ ও সংবাদপত্রের স্বাধীনতা'—এই স্লোগানকে সামনে রেখে ভোলায় উদযাপিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে সকালে দৈনিক ভোলার বাণী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশন।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোলার বাণীর সম্পাদক হারুন আর রশিদ। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল স্তম্ভই হলো গণমাধ্যমের স্বাধীনতা। সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মো. সোহেলের সঞ্চালনায় সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৯৩ সালে জাতিসংঘের ঘোষণার পর থেকে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। এবারের সভায় সংবাদ প্রকাশের দায়ে বিশ্বজুড়ে নিগৃহীত ও নিহত সাংবাদিকদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মোঃ আজাদ ,জেলা প্রতিনিধি ভোলা
