গাইবান্ধার সুন্দরগঞ্জে খেয়াঘাটে ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল ও ভাড়া আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় জনসাধারণ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাজারচর আদর্শ বাজার ঘাট এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চরাঞ্চলের কয়েক শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কাপাসিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম, শ্রমিকদলের সাবেক সভাপতি ফুল মিয়া, ভুক্তভোগী হায়দার আলী, লুৎফর রহমান, রিয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, নদী পারাপার এ অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও রোগীদের প্রতিদিন এই খেয়াঘাট ব্যবহার করতে হয়। কিন্তু ইজারাদারের লোকজন সরকারি নীতিমালা উপেক্ষা করে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
ভুক্তভোগীরা জানান, চরাঞ্চলের অধিকাংশ মানুষ নদীভাঙনে সর্বস্ব হারিয়ে সরকারি আবাসনে বসবাস করছেন। অনেকেই দিনমজুরি ও খেটে খাওয়া মানুষ। সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া তাদের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে চাইলে সেখানেও বাড়তি টাকা ছাড়া পারাপার করা হচ্ছে না। এমনকি কেউ অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে মাঝনদীর চরে যাত্রী নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা।
তারা অভিযোগ করে বলেন, চরাঞ্চলের প্রায় ২০ হাজার সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মানুষ এ হয়রানির শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
মানববন্ধন থেকে খেয়া পারাপারের সর্বোচ্চ ভাড়া ১০ থেকে ১৫ টাকা নির্ধারণ, অতিরিক্ত টোল আদায় বন্ধ এবং ইজারাদার বাতিলের দাবি জানানো হয়।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গাইবান্ধা প্রতিনিধি:
