নিউজ ডেস্ক:
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় সমবায় অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ক্ষণিকা সভাকক্ষে উপজেলা সমবায় অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৩টি সমবায় সমিতির ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
উপজেলা সমবায় অফিসার আবু মুহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁইয়া। গাজীপুর জেলা সহকারী প্রশিক্ষক আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা উপ-সহকারী প্রশিক্ষক মনিরা আখতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, কোর্স পরিচালক তাসলিমা খাতুন, সহকারী পরিদর্শক ও কোর্স পরিচালক মো. ফিরোজ জামান এবং জোবাইদা বেগম।
বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁইয়া বলেন, “সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও আস্থা। প্রশিক্ষণের মাধ্যমে সমিতির প্রতিনিধিরা দক্ষতা অর্জন করলে তারা নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।”
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার আবু মুহাম্মদ জাকারিয়া বলেন, “সমবায় সমিতিগুলোকে আধুনিক ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
দিনব্যাপী প্রশিক্ষণে সমবায় সমিতি পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সঞ্চয় কার্যক্রম এবং সমবায় আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।