এমডি রফিকুল
মালয়েশিয়া
বাংলাদেশের কৃষি ও জ্বালানি খাতে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান PETRONAS Chemicals Group Berhad–এর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সরকারিভাবে ইউরিয়া সার, এলপিজি, এলএনজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যৎ সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়েও মত বিনিময় করেন।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির হাইকমিশনার Monjurul Karim Khan Chowdhury। মালয়েশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন পেট্রোনাস কেমিকেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা Mazuin Ismailসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশে ক্রমবর্ধমান কৃষি উৎপাদন ধরে রাখতে নিরবচ্ছিন্ন সারের সরবরাহ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। সেই প্রেক্ষাপটে মালয়েশিয়ার সঙ্গে সম্ভাব্য এই সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়লে শিল্প ও বিদ্যুৎ খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত আলোচনা ও যৌথ উদ্যোগ চালিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সার ও জ্বালানি খাতে নতুন সহযোগিতা বাস্তবায়িত হলে তা দুই দেশের সম্পর্ককে আরও কৌশলগত উচ্চতায় নিয়ে যেতে পারে।