নিউজ ডেস্ক :
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক বাংলাদেশি তারকা। ভাইরাল এই তারকাকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। তবে এই তারকা কোনো নায়ক বা গায়ক নয়; সোনালি চুলওয়ালা বিরল সাদা (অ্যালবিনো) মহিষ। তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত এই নামই তার রাতারাতি তারকা বনে যাওয়ার অন্যতম কারণ। আসন্ন ঈদুল আজহায় কুরবানি দেওয়া হবে ‘ট্রাম্পকে’। খবর এএফপির। ঢাকার কাছের নারায়ণগঞ্জে খামারি জিয়া উদ্দিন মৃধার খামারে থাকা ৭০০ কেজি ওজনের এই মহিষটির রয়েছে মাথাভর্তি সোনালি চুল। এ কারণেই মৃধার ছোট ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে মহিষটির নাম রাখেন।
৩৮ বছর বয়সি জিয়া উদ্দিন বলেন, ‘আমার ছোট ভাই মহিষটির বিরল চুল দেখে এই নাম দিয়েছে।’
মে মাসজুড়ে প্রতিদিন অসংখ্য মানুষ এই মহিষটিকে দেখতে খামারে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার শিশুরাও কৌতূহল নিয়ে দেখতে আসছে।তারকা এ মহিষটির যত্নেও কোনো কমতি নেই। দিনে চারবার গোসল করানো হয় তাকে। মাথায় পানি ঢেলে গোলাপি রঙের ব্রাশ দিয়ে যত্ন করে আঁচড়ে দেওয়া হয় তার সোনালি চুল।
জিয়া উদ্দিন হাসতে হাসতে বলেন, ‘তার একমাত্র বিলাসিতা হলো দিনে চারবার গোসল করা।’
তবে তিনি স্পষ্ট করে জানান, ট্রাম্পের সঙ্গে এই মহিষের মিল শুধু চুলেই সীমাবদ্ধ।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালবিনো মহিষ খুবই বিরল। শরীরে মেলানিনের অভাবে এদের গায়ের রং সাদা বা হালকা গোলাপি হয়।
ঈদুল আজহার প্রস্তুতি
১৭ কোটি মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশে আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি চলছে পুরোদমে। এই উৎসবে দেশজুড়ে প্রায় এক কোটি ২০ লাখ গবাদিপশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জিয়া উদ্দিন জানান, অতিরিক্ত ভিড় ও কোলাহলে মহিষটি কিছুটা ওজন হারিয়েছে। তাই এখন দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। তবুও শিশুরা খামারের গেটের ফাঁক দিয়ে উঁকি মেরে ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখার চেষ্টা করছে।ব্যবসায়ী ফয়সাল আহমেদ বন্ধু-স্বজন নিয়ে মহিষটিকে দেখতে আসেন। তিনি বলেন, ‘সত্যি বলতে মহিষটির চেহারা আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিছুটা মিল আছে।’
