বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের মা-ওয়া চাইনিজ রেস্টুরেন্টের (২য় তলা) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা'র সভাপতিত্বে এবং সহ-সভাপতি আবু রায়হান রিপনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সাইবার কার্যক্রম রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচার, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় অতিথিবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
