আজ ২২/০৫/২৬ খ্রিঃ রোজ শুক্রবার বিকাল ১৭:০০ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং" এর আয়োজন করা হয়। ব্রিফিং প্রদান করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম মহোদয়। তিনি ব্রিফিং এ জানান যে, সরকারি কর্মকর্তাদের কাঙ্ক্ষিত স্থানে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া-সহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর স্থায়ী ঠিকানা- উয়াইল, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ বলে জানা যায়। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ জমি এবং ফ্ল্যাট ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করে আসছে এবং তিনি নিজেকে বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবি পরিচয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তদের তদবির/বদলী বানিজ্য, নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন প্রতারনামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা যায়।
গত ১৮ মে ২০২৬ খ্রিঃ প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর এবং ডিজি (খাদ্য) কে তার নিজ মোবাইল নাম্বার থেকে কল দিয়ে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে উক্ত বিষয় নিয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়।
গত ২১/০৫/২৬ খ্রিঃ রাত ২১ .০০ ঘটিকায় মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক চৌকশ টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে ঢাকা জেলার সাভার উপজেলার জালেশ্বর এলাকা হতে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। পরবর্তী উক্ত আসামীকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে উক্ত অপরাধের সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, ভূয়া সাংবাদিক পরিচয়দানকারী কার্ড, ইংরেজীতে প্রেস লেখা সম্বলিত জিপ গাড়ি, আইনজীবি বাংলাদেশ সুপ্রীম কোর্ট সম্বলিত লিফলেট এবং জমি ক্রয় বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়। তার নামে পূর্বে চেক জালিয়াতিসহ ০৬টি মামলা রয়েছে।
এ সময় জনাব মো: আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মানবেন্দ্র বালো, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মানিকগঞ্জ-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি:
