নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুপুরের খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে এক মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আঁখিতারা খাতুন ওরফে আঁখি (১১)। সে লোকনাথপুর গ্রামের আব্দুল্লাহ হকের মেয়ে এবং স্থানীয় ডিএস দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যেই এমন আকস্মিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঈদের আমেজে পরিবারের সবার সঙ্গে একসঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছিল আঁখি।
এ সময় অসাবধানতাবশত হঠাৎ করেই একটি মাংসের টুকরো তার গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যে সে প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
তবে শত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, আঁখি অত্যন্ত প্রাণবন্ত ও মেধাবী একজন ছাত্রী ছিল। ঈদের খুশির মাঝে এমন অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। ঘটনার পর থেকে স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল ও লোকনাথপুর গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরাও এই অবুঝ শিশুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
