চট্টগ্রামের পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে আহতদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বৃহস্পতিবার (২৮ মে) দুর্ঘটনায় আহতদের চমেক হাসপাতালে নেওয়া হলে তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। আহত কয়েকজনের অবস্থা এখনো সংকটাপন্ন।
নিহতরা হলেন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির মো. ইউসুফ (৫৩), আশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ির মৃত আবদুল মোমিনের ছেলে এমদাদুল ইসলাম রুবেল (২৭), পটিয়া পৌরসভার গোবিন্দারখিল এলাকার বাদশা মিয়ার ছেলে হারুনর রশিদ (৫১) এবং কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সজিব হোসেন (২৬)।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া সেতুর পশ্চিম অংশের ক্রসিং এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও যাত্রীবাহী লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হন অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
