ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামের যুবক আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই অভিযুক্ত সাব্বির আত্মগোপনে ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে কসবা উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে নিহত হন রানীয়ারা গ্রামের আনোয়ার হোসেন (২২)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে তদন্ত চলমান রয়েছে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
