মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির নিশান ও চিত্রশিল্পী আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে মাগুরা প্রেসক্লাব।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন কবি বিকাশ মজুমদার, মাগুরা মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোল্লা, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, অ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহসভাপতি শামীম আহমেদ খান, নাট্য ব্যক্তিত্ব ফসিয়ার রহমান, সপ্তক সাহিত্যচক্রের সাধারণ সম্পাদক সিকদার ওয়ালিউজ্জামান, মাগুরা সাংস্কৃতিক একাডেমির সভাপতি শরীফ মিজানুর রহমান, পরিবর্তনে আমরাই সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয়, শওকত জং শক্তি, সাংবাদিক শামীম শরীফ ও স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজিতার পরিচালক কল্যাণী বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আলিমুজ্জামান উজ্জল।
বক্তারা বলেন, মাগুরার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে প্রয়াত জায়েদ বিন কবির নিশান ও চিত্রশিল্পী আশীষ রায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জায়েদ বিন কবির নিশান মাগুরার নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যদিকে, চিত্রশিল্পী আশীষ রায়ের সৃজনশীল কর্মকাণ্ড মাগুরার সাংস্কৃতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা প্রয়াত দুই সাংস্কৃতিক ব্যক্তিত্বের পরিবারের পাশে দাঁড়াতে মাগুরার সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
স্মরণসভায় মাগুরার বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।