রাঙ্গামাটি বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ (বাংলা) বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ তানজিম ইসলাম। এই সাফল্যের মাধ্যমে সে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। তার এ কৃতিত্বে বিদ্যালয়জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
তানজিম ইসলামের পিতা এনামুল হক এবং মাতা সেলিনা আক্তার। ছোটবেলা থেকেই মেধা, অধ্যবসায় ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে সে নিজেকে একজন প্রতিভাবান শিক্ষার্থী হিসেবে গড়ে তুলেছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
শিক্ষার্থীর মা সেলিনা আক্তার মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার কারণেই আমার সন্তান আজ এই সাফল্য অর্জন করতে পেরেছে। আমি সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছি।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজালাল বলেন, “তানজিমের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি প্রমাণ করে যে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও মান ক্রমাগত উন্নত হচ্ছে। আমরা আশা করি বিভাগীয় পর্যায়েও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, “তানজিমের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের বিদ্যালয়েরও গৌরব। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ আমরা এমন সাফল্য অর্জন করছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করে যাব।”
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক বলেন, “নিজের বিদ্যালয়ের এমন অর্জন সত্যিই আনন্দের। বর্তমান প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের নিষ্ঠা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলেই বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। তানজিমের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।”
স্থানীয় শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা মনে করেন, তানজিম ইসলামের এই অর্জন শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখন সবার প্রত্যাশা, বিভাগীয় পর্যায়েও কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে তানজিম বাঘাইছড়ি উপজেলা ও রাঙ্গামাটি জেলার জন্য আরও গৌরব বয়ে আনবে।
বাঘাইছড়ি প্রতিনিধি:
