আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি:“সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) ও অসহায় মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করেছে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।
শনিবার (২০ জুন) সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র লেকভিউ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের ‘পদ্মা হল রুমে’ এক বর্ণাঢ্য ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘ঈদ আনন্দ ভাগাভাগি-২০২৬’ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মানুষের জীবন তখনই সার্থক হয়, যখন সেই জীবন অন্য মানুষের কল্যাণে কাজে লাগে। তারা বলেন, “সে জীবন রেখে কোনো লাভ নেই, যে জীবন নিঃশ্বাসের সাথে হারিয়ে যায়। এমন কিছু করতে চাই, যেন মরেও অন্যের মাঝে নিজেকে খুঁজে পাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ও সংস্থার উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহিদ ডাবলু, এ সময় তিনি বলেন, প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মতো সংগঠনগুলো সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু সহযোগিতা নয়, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
এসময় বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতিকুজ্জামান সাহেদ, উপদেষ্টা এস এম মহাসিন আলম, উপদেষ্টা শফিকুল আলম (বাবু), কোষাধ্যক্ষ বাইজিদ হাসান এবং স্বেচ্ছাসেবক মো. রাহাতুল ইসলাম বাপ্পা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এস.এম বিপ্লব হোসেন, সাংবাদিক আবু জাফর (ইকবল), মো. মোকাররাম বিল্লাহ ইমনসহ সংস্থার সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা।
আয়োজকরা জানান, সুবর্ণ নাগরিকদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও তাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থী, সুবর্ণ নাগরিক ও অসহায় ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে তাদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়। হাসি, আনন্দ ও ভালোবাসার মধ্য দিয়ে মানবিক এ আয়োজনের সমাপ্তি ঘটে।