অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন, তিনি অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেরও চর্চা করেন। অপূর্ব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা গুলোর মধ্যে একজন।
অভিনন্দন ও শুভেচ্ছা।
পুরো নাম জিয়াউল ফারুক অপূর্ব, তবে দর্শকপ্রিয় নামেই তিনি পরিচিত – অপূর্ব। মডেল ও অভিনেতা হিসেবে যার পথচলা শুরু হয় টেলিভিশন নাটকের মাধ্যমে, আজ তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ততম অভিনয়শিল্পী।
অপূর্বর জন্ম ১৯৮৩ সালের ২৭ জুন, শরীয়তপুর জেলায়। তাঁর মা ফিরোজা আহমেদ ছিলেন রাজশাহী বেতারের শিল্পী এবং নানা ছিলেন একজন উপস্থাপক।
পরিবারের এই সাংস্কৃতিক পরিবেশেই অপূর্বর শৈশব কেটেছে। ছোটবেলা থেকেই তার শোবিজের প্রতি বিশেষ ঝোঁক ছিল।
২০০২ সালে তিনি সৌন্দর্য প্রতিযোগিতা "ইউ গট দ্য লুকস"-এ অংশ নিয়ে "মি. বাংলাদেশ" খেতাব অর্জন করেন। এরপর জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত নেসক্যাফের বিজ্ঞাপন দিয়ে তার মডেলিং যাত্রা শুরু হয়। ল্যাবএইড-এর বিজ্ঞাপনেও তিনি তুমুল প্রশংসা কুড়ান।
২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অপূর্বর অভিনয়জীবনের সূচনা হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নাটক, টেলিফিল্ম, মিনি-সিরিজ—প্রতিটি মাধ্যমেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন অপূর্ব।
তিনি নিজেই একটি প্রযোজনা প্রতিষ্ঠান "এএসআই ক্রিয়েশন লিমিটেড" গড়ে তুলেছেন এবং ২০১২ সালে ‘ব্যাকডেটেড’ নামের একটি টেলিফিল্ম পরিচালনা করেন।
‘ভালোবাসার চতুষ্কোণ’ নাটকে তিনি শুধু অভিনয়ই নয়, শিরোনাম গানে কণ্ঠও দিয়েছেন, যা দর্শকপ্রিয়তা পায়।
২০১৫ সালে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে।
ব্যক্তিগত জীবনে অপূর্ব প্রথমে মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ভালোবেসে বিয়ে করেন ২০১০ সালে, তবে ২০১১ সালেই তাদের বিবাহবিচ্ছেদ হয়।
এরপর ২০১১ সালের ২১ ডিসেম্বর অপূর্ব বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। এই দম্পতির ঘরে একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ জন্মগ্রহণ করে। বিশেষ বিষয় হলো—পিতা ও পুত্র, দুজনেরই জন্মদিন একই দিনে, ২৭ জুন।
২০২০ সালে অপূর্বর অদিতির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি ২০২১ সালে শাম্মা দেওয়ানকে বিয়ে করেন।
অপূর্বর জীবনের প্রতিটি অধ্যায়েই রয়েছে সংগ্রাম, সৃজনশীলতা ও সাফল্যের ছাপ। তিনি একাধারে অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালক ও গায়ক—একজন পরিপূর্ণ শিল্পী।
আজকের এই দিনে জন্মদিনের শুভেচ্ছা রইলো অপূর্ব ও তাঁর পুত্র আয়াশ – পিতাপুত্র দুজনের জন্যই রইলো শুভকামনা ও ভালোবাসা।
শুভ জন্মদিন অপূর্ব।
তোমার প্রতিভা ও কাজের ধারাবাহিকতা আমাদের অনুপ্রেরণা দেয়।