মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স আবালপুর ড্রাগ হাউস-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে দেখা যায়, ফার্মেসিটিতে বিক্রয়নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মেয়াদবিহীন ওষুধ ভালো ওষুধের প্যাকেটে সংরক্ষণ করে বিক্রি এবং নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রির মতো গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা জেলা পুলিশের একটি টিম।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মেয়াদবিহীন ওষুধ ভালো ওষুধের প্যাকেটে সংরক্ষণ এবং নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রির মতো অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বানও জানান তিনি।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
