গত বছরের মে-জুনে যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়ে ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে তার যকৃত থেকে টেনিস বলের আকারের একটি টিউমার অপসারণ করা হয়। চিকিৎসা চলমান থাকলেও এরই মধ্যে কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
সম্প্রতি শুরু হয়েছে দীপিকার দ্বিতীয় ইমিউনোথেরাপি। চিকিৎসার অংশ হিসেবে আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই অভিনেত্রীকে। স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দীপিকার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের আপডেট দেন।
ভিডিওতে দীপিকা বলেন, ‘এটা এখন যেন রুটিন হয়ে গেছে। ২০-২১ দিন পরপরই আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।’
শোয়েব জানান, বেশ কিছুদিন ধরেই দীপিকার শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে আইভি আয়রন ড্রিপ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অতিরিক্ত ঝিমুনি অনুভব করায় এক রাত হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হয়েছে তাকে।