দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বখ্যাত ‘ইউরোভিশন সং কন্টেস্ট’ বা ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা তাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে এশিয়ায়। এই আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগী দেশ হিসেবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতায় জন্য যোগ্য প্রতিনিধিকে খুঁজে বের করতে দেশের বিনোদন প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ আয়োজন করেছে বিশেষ প্রতিযোগিতা— ‘ভয়েস অব বাংলাদেশ– সং ফর ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’।
বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে আবেদন প্রক্রিয়াসহ প্রতিযোগির বিস্তারিত জানানো হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশের প্রতিযোগিরা দেশের যেকোনো সংগীত ধারার একক শিল্পী, ডুয়েট (দ্বৈত) কিংবা ব্যান্ড এই আয়োজনে অংশ নিতে পারবেন। ‘ভয়েস অব বাংলাদেশ’-এর প্রাথমিক বাছাই শেষে সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে হবে বিশেষ গ্রুমিং পর্ব। তাদের নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবেন বাংলাদেশের একজন প্রতিযোগী চূড়ান্ত হবেন।
নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।