মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনেত্রী সুমাইয়া শিমুর ফিরে আসার গল্প

অভিনেত্রী সুমাইয়া শিমুর ফিরে আসার গল্প

অভিনেত্রী সুমাইয়া শিমুর ফিরে আসার গল্প

দীর্ঘ বিরতির পর আবারো অভিনয়ে ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার জন্য কয়েক বছর অভিনয়ে অনিয়মিত থাকলেও এবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নাটকের মাধ্যমে দর্শকের কাছে ফিরছেন এই অভিনেত্রী। 


একসময় নাটকের শুটিং নিয়েই ছিল তার যত ব্যস্ততা। একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন শিমু। তবে সন্তানদের বড় হয়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়টুকু কাছে থেকে দেখার জন্য সচেতনভাবেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন। সেই সময়ে গুরুত্বপূর্ণ অনেক কাজের প্রস্তাবও ফিরিয়েছেন এই তারকা। 

নতুন ধারাবাহিকে যুক্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন শিমু। বিষয়টি তাকে যেমন আনন্দিত করেছে, তেমনই দর্শকের প্রত্যাশার চাপও অনুভব করছেন তিনি। শিমু বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত। একের পর এক সবাই ফোন করছেন। পরে জানতে পারলাম, আমাদের ধারাবাহিক নাটকের পোস্টার প্রকাশ হয়েছে। আমি সত্যিই অভিভূত। এখনো শুটিং শুরু করিনি, অথচ সবাই যেভাবে শুভেচ্ছা জানাচ্ছেন, সেটা আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ। কারণ দর্শকদের প্রতি দায়বদ্ধতা আরো অনেক বেড়ে যায়।” 

এর আগে ‘এফএনএফ’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ললিতা’, ‘স্বপ্নচূড়া’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে প্রশংসিত হন শিমু। সর্বশেষ তাকে দেখা গেছে ‘লেট ড্রাইভ লেন’ ধারাবাহিক নাটকে। 

দীর্ঘ বিরতির পর আবার ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, “আমি সব সময়ই ভালো কাজ করতে চেয়েছি। রাজ যখন নাটকের পরিকল্পনার কথা জানাল, তখনই যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিই। এর আগেও আমরা একসঙ্গে ভালো কাজ করেছি। এখন রাজও দারুণ কিছু কাজ করছে। দর্শকের প্রত্যাশা অনেক বেশি, সেটাও একটা চাপ। যদিও এখনো শুটিং শুরু হয়নি, তবু বিশ্বাস করি দর্শক ভালো কিছুই পাবেন। আমাদের সেই চেষ্টাই থাকবে।” 

আবারো অভিনয়ে নিয়মিত হওয়ার সময় এসেছে সুমাইয়া শিমুর। শুধু নাটক নয়, সামনে নতুন সিনেমাতেও অভিনয়ের পরিকল্পনা রয়েছে তার। তবে সেসব নিয়ে এখনই বিস্তারিত বলতে রাজি নন। সময় হলে নিজেই জানাবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 

জীবনের এই নতুন অধ্যায় নিয়ে সুমাইয়া শিমু বলেন, “নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই তো জীবন। সন্তানের বড় হয়ে ওঠা কাছ থেকে দেখাটাও এক ধরনের আনন্দ। সেই অভিজ্ঞতার পর আবার অভিনয়ে ফিরে আসাটাও আমার জন্য আনন্দের। অভিনয়ই আমার পেশা, তাই অভিনয়ে তো ফিরতেই হবে।” 

দীর্ঘ বিরতির পর সুমাইয়া শিমুর এই প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এখন অপেক্ষা শুধু ‘ফিরে আসার গল্প’–এর শুটিং শুরু এবং পর্দায় তার নতুন উপস্থিতি দেখার।