ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি রিল ফেসবুক থেকে সাময়িক অপসারণ বা ব্লক করেছিল প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা। এ ঘটনায় ক্ষমা চাওয়ার জন্য মেটার প্রধান মার্ক জাকারবার্গকে তিনদিনের সময় দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি মঙ্গলবার এক সতর্কবার্তায় বলে, জাকারবার্গ যদি তিনদিনের মধ্যে ক্ষমা না চান, তাহলে তিনি ‘ইমিউনিটি’ বা বিশেষ আইনি সুরক্ষা হারাতে পারেন।
গত সোমবার কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবেও এমন সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর রিল সাময়িকভাবে ব্লক করার জন্য জাকারবার্গের ক্ষমা চাওয়া উচিত। তা না হলে তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারার আওতায় মেটা সুরক্ষা ব্যবস্থা হারাবে।
তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণানের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ ও ৬ আগস্ট মেটার গ্লোবাল টিম ভারত সফর করবে। এর আগে সংসদীয় স্থায়ী কমিটি জাকারবার্গকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিল।
সরকার জানিয়েছে, মেটার প্রতিনিধিদের সঙ্গে আসন্ন বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে আছে শিশু যৌন নির্যাতনের সঙ্গে জড়িত বিষয়গুলো মোকাবিলার গাফিলতি এবং শীর্ষ অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ভুল ব্যবস্থা নেওয়া।
উল্লেখ্য, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে দুটি সেলফি ভিডিও বার্তা দিয়েছিলেন। এর মধ্যে একটি ভিডিও সাময়িকভাবে ব্লক করেছিল মেটা। কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা বার্তায় বলা হয়, ‘আইনি অনুরোধের কারণে ভারতে এটি পাওয়া যাচ্ছে না।’ এ নিয়ে সমালোচনা শুরু হলে প্ল্যাটফর্মটি দ্রুতই ভিডিওটি চালু করে দেয়।
