যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য ঘোষিত এডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির পদ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ওই বিদ্যালয়ে সামনে যশোর-বেনাপোল মহাসড়কে দু পাশে এলাকার সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সভাপতি নিয়োগের বিষয়ে আপত্তি ও অসন্তোষ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রয়োজন, যিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্য। কিন্তু তানজির ইসলাম খান কণিকে এডহক কমিটির সভাপতি করায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, তানজির ইসলাম খান কণির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী সাবেক এসপি মাহাবুদের পক্ষে রাজনৈতিকভাবে কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ কয়েকজনের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের কারণে তাকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির সামাজিক গ্রহণযোগ্যতা, শিক্ষাবান্ধব মানসিকতা ও এলাকার মানুষের আস্থা বিবেচনা করা জরুরি। কোনো বিতর্কিত বিষয় থাকলে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে তানজির ইসলাম খান কণির সভাপতির পদ বাতিল এবং একজন যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি করার দাবি জানান।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ও বিশিষ্ঠ সমাজ সেবক মিজানুর রহমান,শার্শা পল্লি বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আতিয়ার রহমান, প্রভাষক সালাউদ্দীন,সাংবাদিক মীর ফারুক বিশিষ্ট সমাজ সেবক মোখলেস হোসেন,ব্যবসায়ী লতিফুল, ছাত্রনেতা তানভীর, মনোয়ার হোসেন সাকিব, আল আমিন প্রমুখ।
উল্লেখ্য গত ১২ আগষ্ট যশোর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) মুহা: এনামুল কবীরের স্বাক্ষরিত এক চিঠিতে সভাপতি হিসেবে তানভীর ইসলাম খানকে মনোনীত করেন।
আশরাফুল ইসলাম |বেনাপোল যশোর