সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গোপসাগরে জাহাজডুবি,নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন,উৎকণ্ঠায় পরিবার

বঙ্গোপসাগরে জাহাজডুবি,নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন,উৎকণ্ঠায় পরিবার

বঙ্গোপসাগরে জাহাজডুবি,নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন,উৎকণ্ঠায় পরিবার

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি

ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়। জাহাজডুবির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা।
জানা গেছে, পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল ‘এমভি ওশান উইনার’। শনিবার বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক ছিলেন।
জাহাজডুবির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নিখোঁজ ক্রুদের উদ্ধারে অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী। এ পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। তাঁর অবস্থান সম্পর্কে পরিবারকেও নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
মামুনের বড় ভাই আব্দুল্লাহ আল বাকি জানান, শনিবার দুপুরের দিকে পরিচিতদের মাধ্যমে তাঁরা প্রথম জাহাজডুবির খবর জানতে পারেন। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ভাইয়ের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। যে বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মামুন জাহাজটিতে যোগ দিয়েছিলেন, তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির কাছ থেকেও এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আব্দুল্লাহ আল বাকি বলেন, “এখনো কোনো দিক থেকে কোনো আপডেট পাচ্ছি না। ভারতীয় কোস্টগার্ডের পেজে কখন আপডেট হয়, তারা কোনো ব্রিফিং করে কি না—সেটার জন্য অপেক্ষা করছি।”
তিনি আরও বলেন, মামুনের নিখোঁজের ঘটনায় পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর মা আগে থেকেই হৃদরোগের সমস্যায় ভুগছেন। বাবারও বয়স হয়েছে। ভাইয়ের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। মামুনের স্ত্রীও স্বামীর জন্য বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
মামুনের বাল্যবন্ধু সাদাত আল কাবিজু জানান, গত এপ্রিলের শেষ দিকে ‘এমভি ওশান উইনার’ জাহাজে যোগ দেন মামুন। জাহাজটি ওডিশা উপকূল থেকে যাত্রা করার রাতে, বৃহস্পতিবার তাঁর সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপরই জাহাজডুবির ঘটনা ঘটে।
সাদাত বলেন, দুর্ঘটনার পর থেকে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কিন্তু তাদের কাছেও এখন পর্যন্ত মামুনের বিষয়ে নতুন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুনকে জীবিত উদ্ধারের আশায় এখন ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে রয়েছে সাতক্ষীরার তাঁর পরিবার।