শ্রীপুর( গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিলের প্রস্তুতিকালে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার তুলা গবেষণা ইন্সটিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পরও উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। তাঁরা গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মিছিল শুরুর আগেই পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নবনির্বাচিত শ্রীপুর উপজেলা ও পৌর যুবলীগের কমিটির নেতাকর্মীরা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিলের প্রস্তুতি নেন। এ সময় মিছিলের আগে মহাসড়কের ইউটার্ন এলাকায় পুলিশ কয়েকটি গাড়ি থামিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,রমজান (২৮), কাওসার (২৪), জোনায়েদ (১৮), আসিব (১৮), আরিফ (২৫), নাঈম (২৪), ফারুক (২৬), মুর্শিদ (১৮), সৈকত (১৮), মাহিন (১৮), রুহান (১৮), তামিম (১৮) ও মো. রাকিব মিয়া (২১)। তাঁদের মধ্যে রুহান ও তামিমের বাবার নাম যথাক্রমে মানিক মিয়া ও দুলাল মিয়া। তামিমের বাড়ি শ্রীপুরের কেওয়া চন্নাপাড়া এবং রাকিব মিয়ার বাড়ি গোবিন্দপুর বলে পুলিশ জানিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউট সংলগ্ন ইউটার্ন এলাকা থেকে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ীর দিকে যাওয়ার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’
তবে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করলেও পরে উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলটি গাজীপুর জেলা যুবলীগের নেতা ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীবের নেতৃত্বে হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।