যশোরের বাঘারপাড়ায় দোহাকুলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত দুটি ম্যাচে জয় পেয়েছে ইউনিয়ন কৃষকদল ও ছাত্রদল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দোহাকুলা ইউনিয়নের বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিন অধিকারী। সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে ৫-০ গোলে পরাজিত করে কৃষকদল। দ্বিতীয় ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় যুবদলকে ৫-৪ গোলে হারিয়ে জয় তুলে নেয় ছাত্রদল।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ইউনিয়নের ছাইবাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, পৌর কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন, দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাবার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু কালাম, যুবদল নেতা বিপ্লব হোসেন, সিরাজুল ইসলাম ও ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আল মামুন, ছাত্রদল নেতা রিয়াদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
