কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
অভিযানকালে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম এবং হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সচেতনতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রয়োজন। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখা সম্ভব।
অভিযানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি।