পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে দুই মাদক কারবারী গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। সম্প্রতি পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করে।
তবে এ ঘটনাকে ঘিরে একটি স্থানীয় সুবিধাবাদী ও কুচক্রী মহল পুলিশের এই প্রশংসনীয় ও মাদকবিরোধী অভিযানকে বাধাগ্রস্ত করতে এবং গ্রেপ্তারকৃতদের আড়াল করার উদ্দেশ্যে পুলিশের বিরুদ্ধে পাল্টা মানববন্ধন ও বিভ্রান্তিকর নানা কর্মসূচির আয়োজন করে।
কুচক্রী মহলের এই অপপ্রচারের প্রতিবাদে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুশীল সমাজ। ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানার নিয়ে সুবিদখালী কলেজ রোড এলাকায় এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে মাদক সম্রাট ও চিহ্নিত অপরাধী বশির খাঁন এবং তার সহযোগী নেছার খাঁনসহ সকল মাদক কারবারীদের কঠোর শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, "পুলিশ প্রশাসন যখন এলাকাকে মাদকমুক্ত করতে কাজ করছে, তখন একটি স্বার্থান্বেষী মহল মাদক কারবারীদের বাঁচাতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাঁয়তারা করছে। আমরা এলাকার সাধারণ মানুষ মাদক ও এর মদদদাতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা সুবিদখালী ও সমগ্র মির্জাগঞ্জকে মাদকমুক্ত দেখতে চাই এবং গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।"
মানববন্ধন থেকে স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।