পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবির পাশাপাশি এক ব্যবসায়ীকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩) বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা। তিনি গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে এবং ঢাকায় আবাসন ব্যবসার সঙ্গে জড়িত।
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে এলাকায় প্রচারণামূলক পোস্টার ও ফেস্টুন লাগানো হয়। এর পরপরই ফরিদ গাজী তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল।
অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মুঠোফোনে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ফোনালাপে কথোপকথনের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করা সম্ভব হয়নি।
ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, হুমকির ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ গাজী বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তবে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “মূল আহ্বায়ক কমিটির তালিকায় ফরিদ গাজীর নাম ছিল না। জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা কমিটিতে নতুন করে যে কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়, সেখানে তিনি সদস্য পদ পান। বিষয়টি জেলা কমিটিকে অবহিত করা হয়েছে; তাঁরাই এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “আমি বর্তমানে ছুটিতে আছি। তবে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ফরিদ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। তবে অভিযুক্ত ফরিদ গাজীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার অন্যান্য দিক তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
মোঃ রুবেল হোসেন,
বাউফল প্রতিনিধি
