কোনো কোনো গান শুধু গান হয়ে থাকে না, তার সঙ্গে জড়িয়ে যায় মানুষের স্বপ্ন, অপেক্ষা আর না-পাওয়া মুহূর্ত। বাংলাদেশের গায়িকা রত্না সাহার জন্য জুবিন গার্গের সঙ্গে গাওয়া ‘ফেলে আসা’ তেমনই এক গান। দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর জুবিনের প্রয়াণ দিবসেই শ্রোতাদের জন্য উন্মুক্ত হলো গানটি।
গত বছরের এই দিনে লাখো ভক্তকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে তার গান ছিল বিশেষ আবেগের জায়গা। তার প্রয়াণের এক বছর পর সেই আবেগের সঙ্গেই নতুন করে যুক্ত হলো ‘ফেলে আসা’।
গানটিতে জুবিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের গায়িকা রত্না সাহা। কলকাতার জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে জুবিনের সঙ্গে গান গাওয়ার সুযোগ পান রত্না। ছোটবেলা থেকে জুবিনের গান শুনে বেড়ে ওঠা এই গায়িকার কাছে প্রিয় শিল্পীর সঙ্গে একটি গান গাওয়া ছিল দীর্ঘদিনের স্বপ্ন। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হলেও গানটি প্রকাশের আগেই চলে যান জুবিন।
গানটি নিয়ে রত্না সাহা বলেন, “আমি অনেক সৌভাগ্যবান যে এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি। আমি জুবিন গার্গ দাদার গান শুনে বড় হয়েছি। স্বপ্ন ছিল তার সঙ্গে একটি গান গাইবো। সেটা করতে পেরে অনেক খুশি। তবে, তিনি বেঁচে থাকলে হয়তো এই সময় তার অনুভূতি জানতে পারতাম। সেটা আমার জন্য একটা বড় আক্ষেপ। তারপরও তিনি আমার জন্য যে উপহার রেখে গেছেন, এটাই আমার সংগীতজীবনের অনেক বড় পাওয়া।”
‘ফেলে আসা’ গানটির কথা লিখেছেন কলকাতার জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আসামের সংগীত পরিচালক রিজওয়ান ইয়াসিন। সংগীতায়োজন করেছেন শুভায়ু ভট্টাচার্য। গানটির ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। চিত্রগ্রহণে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান।
ভিডিওতে অভিনয় করেছেন তারেক জামান তানজ ও ফাইজা ইসলাম। শিশুশিল্পী হিসেবে রয়েছে রুদ্রনীল দত্ত, তূর্যনিনাদ দত্ত ও শ্রেষ্ঠা তুলসিয়ান।
ফরিদপুরে জন্ম নেওয়া রত্না সাহার সংগীতের সঙ্গে পরিচয় ছোটবেলাতেই। তার মা পেশাদার শিল্পী না হলেও সংগীতের প্রতি ছিল গভীর ভালোবাসা। মায়ের কণ্ঠে ভজন, কীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক গান শুনতে শুনতেই সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় রত্নার। মাকেই নিজের প্রথম সংগীতগুরু মনে করেন তিনি।
২০২৪ সালে ‘এ কেমন মায়া’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্না সাহা। এরপর একক ও দ্বৈত—দুই ধরনের গানেই নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এ পর্যন্ত তার কণ্ঠে প্রকাশ পেয়েছে ৫৬টি মৌলিক গান। আকাশ সেন, কাজী শুভ ও মাহতিম শাকিবের মতো শিল্পীদের সঙ্গেও গান গেয়েছেন তিনি।
তবে, ‘ফেলে আসা’ তার প্রকাশিত গানের তালিকায় যোগ হওয়া আরেকটি সংখ্যা নয়। জুবিনের গান শুনে বেড়ে ওঠা এক গায়িকার বহুদিনের স্বপ্ন, প্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলানোর স্মৃতি এবং একইসঙ্গে, তাকে হারানোর আক্ষেপ; সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে গানটি।
জুবিন আর নেই, কিন্তু তার কণ্ঠ রয়ে গেছে অসংখ্য গানে। আর রত্নার কাছে তার সঙ্গে গাওয়া এই গান হয়ে থাকল এমন এক স্মৃতি, যার প্রকাশের দিনটিও কাকতালীয়ভাবে হয়ে উঠল প্রিয় শিল্পীর প্রয়াণের দিন। গানটি প্রকাশিত হয়েছে ইউটিউবে ‘রত্না সাহা’ চ্যানেলে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা