নওগাঁর পোরশায় দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, হ্যান্ডেল চেইন, ২৫ ফুট দড়ি, টর্চলাইট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল পোরশা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে টহল ও অভিযান পরিচালনা করছিল।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছাকাছি সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন ব্যক্তি।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা একটি মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে।
পরে স্থানীয় লোকজন ও পথচারীদের উপস্থিতিতে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন— দেলোয়ার হোসেন (২৮), পিতা-তরিকুল ইসলাম, গ্রাম-হলাকান্দর, থানা-পত্নীতলা, নওগাঁ; নাইম মাহমুদ (১৯), পিতা-মাসুদুর রহমান, গ্রাম-ছোট কাটনা, পোরশা, নওগাঁ এবং মোস্তাকিম (১৯), পিতা-মাহবুল সোনার, গ্রাম-সমনগর, পোরশা, নওগাঁ।
পুলিশের দাবি, তল্লাশিকালে দেলোয়ার হোসেনের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও লম্বা হ্যান্ডেলযুক্ত চেইন, নাইম মাহমুদের কাছ থেকে দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২৫ ফুট লম্বা দড়ি ও একটি ছোট টর্চলাইট উদ্ধার করা হয়। এ ছাড়া দস্যুতার কাজে ব্যবহারের অভিযোগে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়ভাবে পরিচিত। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করা হবে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ)
