একটি গান দিয়ে যে পরিচয়ের শুরু, এবার সেই পরিচয়কে পূর্ণাঙ্গ গানের আসরে নিয়ে আসছেন রেহান রাসুল। নিজের পছন্দের গান, গল্প আর আড্ডার মেলবন্ধনে প্রথমবারের মতো একক শো করতে যাচ্ছেন এই শিল্পী।
৯ অক্টোবর রাজধানীর বনানীতে বসবে রেহান রাসুলের এই বিশেষ গানের আসর। নিজের জনপ্রিয় গান ‘বাজে স্বভাব’-এর নামেই আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাজে স্বভাব’।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। এতে মোট ১৯টি গান গাইবেন রেহান। এর মধ্যে তার নিজের গান থাকবে ১৫টি। বাকি চারটি গান থাকবে তার পছন্দের তিন শিল্পী শচীন দেব বর্মণ, অঞ্জন দত্ত ও অরিজিৎ সিংয়ের।
তবে, এটি শুধু গান শোনানোর আয়োজন নয়, রেহানের পরিকল্পনায় থাকছে গল্প আর আড্ডাও। নিজের দল ‘গান টান আর রেহান’কে সঙ্গে নিয়েই শ্রোতাদের সঙ্গে সরাসরি সময় কাটাতে চান তিনি।
আয়োজনটি নিয়ে দর্শক-শ্রোতাদের উদ্দেশে রেহান বলেন, “আমার দলের নাম ‘গান টান আর রেহান’। বুঝতেই পারছেন, একটু গান, একটু গল্প, আড্ডা সবকিছু মিলিয়েই আয়োজনটি হবে। যদি মন টানে, যদি মনে হয়, গানের সঙ্গে একটু সময় কাটাতে চান, তাহলে চলে আসবেন।”
অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে টিকোরা প্ল্যাটফর্মে। প্রতিটি টিকিটের দাম ৬০০ টাকা। রেহান রাসুলের সংগীতযাত্রায় ‘বাজে স্বভাব’ একটি গুরুত্বপূর্ণ বাঁক। ২০১৮ সালে প্রকাশিত গানটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর ওয়েব সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’র ‘রূপকথার জগতে’ গান দিয়ে শ্রোতাদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন তিনি।
পরবর্তী সময়ে তার কণ্ঠে ‘ফেরাতে পারিনি’, ‘এতো প্রেম এতো মায়া’, ‘আসবে আমার দিন’সহ বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। নাটকের গান থেকে সিনেমা—বিভিন্ন মাধ্যমে কণ্ঠ দেওয়ার পর এবার নিজের নামেই একটি পূর্ণাঙ্গ গানের সন্ধ্যা সাজাচ্ছেন রেহান।
‘বাজে স্বভাব’ দিয়ে যে পথচলা শুরু হয়েছিল, প্রথম একক শোতে সেই পথের গানগুলোর পাশাপাশি প্রিয় শিল্পীদের গানও তুলে ধরবেন তিনি। ফলে ৯ অক্টোবরের আয়োজনটি তার সংগীতজীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই সামনে আসছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা