ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল সুলতানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি, সড়ক যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পানি নিষ্কাশন, আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় রাস্তা, সেতু, কালভার্ট ও ড্রেনেজসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি যানজট নিরসন, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, কৃষকদের সার-বীজ ও কৃষি উপকরণ সরবরাহ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
সভায় জলাবদ্ধতা নিরসন, খাল-বিল ও জলাশয় সংরক্ষণ, নদীভাঙন ও বন্যা মোকাবিলা, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, সরকারি সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখল রোধ, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের কাছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় দ্রুত সমাধান এবং জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বিপুল চন্দ
জেলা প্রতিনিধি ফরিদপুর
