সামাজিক মাধ্যমে ট্রোলিং ও তারকাদের শারীরিক গঠন নিয়ে কটাক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বে তিনি অন্যকে হেয় করে টাকা আয় এবং তারকাদের বয়স ও চেহারা নিয়ে ট্রলিংয়ের সমালোচনা করেন।
চলতি মৌসুমের উপস্থাপক সালমান শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘উইকেন্ড কা ভার’ পর্বে এ বিষয়ে কথা বলেন। প্রতিযোগী আরিশফা খানকে ঘিরে এক বিরোধের সময় ইউটিউবার স্কাউটওপি তার ইউটিউব ও গেমিং সম্প্রদায়ের উদ্দেশে ‘খতম কর দো ইসকো’ অর্থাৎ ‘ওকে শেষ করে দাও’ মন্তব্য করেছিলেন। ওই বক্তব্যের সমালোচনা করেন সালমান।
কাউকে নিচে নামিয়ে আপনারা টাকা উপার্জন করছেন। কারও চেহারা, ওজন, পরিবার, ক্যারিয়ারে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করা আসলে ট্রোলারের পারিবারিক শিক্ষা ও মানসিকতারই পরিচয় দেয়। সালমানের ভাষায়, আপনি নিজের পারিবারিক শিক্ষাই দেখাচ্ছেন।
এরপর গর্ভধারণের পর নারীদের শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের মন্তব্য করা হয়, সে বিষয়েও কথা বলেন সালমান। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তার বক্তব্যটি সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ট্রোলিংয়ের প্রসঙ্গেই এসেছে বলে মনে করা হচ্ছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা