রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তি বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অবহিত করতে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ ইনফরমেশন সেশন’ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও Australia Awards Bangladesh-এর উদ্যোগে এ ইনফরমেশন সেশন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Australia Awards Bangladesh-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম ও প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।
সেশনটি সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঋষিতা চাকমা এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক ইসরাত জাহান সোনম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা। তিনি রাবিপ্রবির অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইদের পরিচয় তুলে ধরেন এবং ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় থেকে আরও অধিকসংখ্যক শিক্ষার্থী ও পেশাজীবী এ বৃত্তি অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী Australia Awards Bangladesh-কে এ ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেশন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি তাদের কর্মজীবনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৮ সালের Australia Awards Scholarship-এর আওতায় রাবিপ্রবি থেকে একাধিক ব্যক্তি যোগ্যতা অর্জন করবেন।এ সময় ভাইস-চ্যান্সেলর অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতাও তুলে ধরেন।সেশনে Australia Awards Scholarship-এর বিভিন্ন সুযোগ-সুবিধা, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম। তিনি ২০২৮ সালের স্কলারশিপের জন্য সম্ভাব্য আবেদনকারীদের করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বলে জানান এবং অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা দেন।প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান Australia Awards Scholarship-এর ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি বৃত্তি অর্জনের ক্ষেত্রে কর্ম-অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির বলেন, এ ইনফরমেশন সেশন রাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য উপকারী হবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা Australia Awards Scholarship অর্জনের ক্ষেত্রে এ আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ইনফরমেশন সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মোঃ কামরুল ইসলাম
রাঙামাটি প্রতিনিধি
