দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমাতে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী উত্তরপাড়া এলাকায় একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মণি। উদ্যোগের অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে সম্ভাব্য নির্মাণস্থান সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি।
পরিদর্শনকালে প্রস্তাবিত ব্রিজের স্থান, আশপাশের এলাকার পরিস্থিতি, পানি চলাচলের ব্যবস্থা এবং নির্মাণের সম্ভাব্য কারিগরি বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করেন এনামুল হক মণি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলে তাঁদের দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন তিনি।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পানি ও কাদার কারণে এ এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সমস্যায় পড়তে হয়। এখানে একটি ব্রিজ নির্মাণ হলে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এলাকার মানুষের দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন তাঁরা।
স্থানীয় কয়েকজন শিক্ষার্থী বলেন, বর্ষায় পানি জমে যাওয়ায় এই পথে চলাচল করতে তাদের ভোগান্তি হয়। ব্রিজ নির্মাণ হলে স্কুল-কলেজে যাতায়াত আরও সহজ হবে।
এ বিষয়ে এনামুল হক মণি বলেন, “বাঁশবাড়ী উত্তরপাড়ার মানুষের দীর্ঘদিনের সমস্যাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মানুষের প্রয়োজনকে সামনে রেখেই ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছি। ইঞ্জিনিয়ারের মাধ্যমে জায়গাটির কারিগরি বিষয়গুলো যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ব্রিজ নির্মাণের বিষয়ে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত ব্রিজ নির্মাণের পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই কমবে এবং এলাকার মানুষের চলাচল আরও সহজ হবে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
