গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ শাহিন সরকার (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি)। এসময় একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার শাহিন সরকার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগেরপাড়া গ্রামের বাসিন্দা।
ডিএনসি সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় নম্বরবিহীন কালো রঙের সুজুকি জিক্সার এসএফ ২৫০ এবিএস মোটরসাইকেলটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেল চালক শাহিন সরকারের পিঠে ঝোলানো ব্যাগে সাদা স্কচটেপ ও কালো পলিথিনে মোড়ানো একটি নীল জিপারযুক্ত পলিব্যাগ পাওয়া যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মোটরসাইকেলসহ একটি রেডমি নোট ১৫ মুঠোফোন ও একটি সিম্ফনি বিএল১০৪ বাটন মুঠোফোন জব্দ করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, 'এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি
