ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় পথ কুকুর ও বিড়ালের জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধে ব্যাপক গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা, প্রাণিসম্পদের নিরাপত্তা এবং জলাতঙ্কমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কসবা পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন কসবা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ ছামিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জলাতঙ্ক একটি অত্যন্ত প্রাণঘাতী রোগ, যা মানুষ ও প্রাণী উভয়ের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ।
তাই পথপ্রাণীদের নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি জনস্বার্থে এ ধরনের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
গণটিকাদান কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে পথ কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হয়।
প্রশিক্ষিত টিকাদান কর্মীরা নিরাপদ পদ্ধতিতে প্রাণীগুলোকে টিকা প্রদান করেন। এতে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।
কর্মসূচি বাস্তবায়নে কসবা পৌরসভার পাশাপাশি কারিগরি সহযোগিতা প্রদান করে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডক্টর সোহেল রানা । এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ, টিকাদান কার্যক্রমে নিয়োজিত কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশে জলাতঙ্ক এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। আক্রান্ত প্রাণীর কামড়ের মাধ্যমে এ রোগ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এবং সময়মতো চিকিৎসা না নিলে মৃত্যুঝুঁকি তৈরি হয়।
তাই পথপ্রাণীদের টিকাদান কর্মসূচি জলাতঙ্ক নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
তারা আরও জানান, প্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে কসবা পৌরসভা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
পাশাপাশি পথপ্রাণীদের প্রতি মানবিক আচরণ এবং সচেতনতা বৃদ্ধির জন্যও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম
