২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হুঁ না’ এখনো বলিউডপ্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় সিনেমা। শাহরুখ খান, সুস্মিতা সেনসহ একঝাঁক তারকার অভিনয় এবং ফারহা খানের পরিচালনায় নির্মিত সিনেমাটি মুক্তির দুই দশক পেরিয়েও দর্শকের আগ্রহ ধরে রেখেছে। এবার সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি অভিনেতা অর্জুন কাপুরের একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে এই জল্পনা। হোটেলের একটি কক্ষে বসে ‘ম্যায় হুঁ না’ দেখছিলেন অর্জুন। সিনেমাটির একটি ক্লিপিং ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, ‘অলটাইম ফেভারিট।’ একই সঙ্গে সিনেমাটির একটি সিক্যুয়েল দ্রুত দেখতে চাওয়ার কথাও জানান তিনি।
অর্জুন লেখেন, ‘উই নিড আ সিক্যুয়েল এএসএপি।’ অর্থাৎ, যত দ্রুত সম্ভব তিনি সিনেমাটির দ্বিতীয় কিস্তি দেখতে চান। নিজের পোস্টে পরিচালক ফারহা খানকে ট্যাগও করেন অর্জুন।
এরপরই ফারহার প্রতিক্রিয়ায় নতুন করে জোরালো হয় ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল তৈরির আলোচনা। অর্জুনের পোস্টের জবাবে ফারহা লেখেন, ‘যদি কোনো কিছু অন্তর থেকে চাও, অর্জুন কাপুর, অনেক ভালোবাসি।’
ফারহার এই মন্তব্যের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শাহরুখ খানের ভক্তরা ‘ম্যায় হুঁ না’র দ্বিতীয় কিস্তি আসতে পারে কি না, তা নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা
