মডেলিং দিয়ে শোবিজে যাত্রা, এরপর মিউজিক ভিডিও ও টেলিভিশন নাটকে অভিনয়। পাশাপাশি ফ্যাশন ডিজাইন নিয়েও চলছে পড়াশোনা। একাধিক মাধ্যমে নিজেকে মেলে ধরা মৌ রহমান এবার চোখ রাখছেন বড়পর্দায়। গল্প ও চরিত্র পছন্দ হলে চলচ্চিত্রে অভিনয় করতে চান এই অভিনেত্রী।
মৌ রহমানের শোবিজে পথচলা শুরু মডেলিংয়ের মাধ্যমে। আরটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘লুক অ্যাট মি’-এর মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পুরবী জুয়েলার্সসহ দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করে পরিচিতি লাভ করেন।
মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে একসময় মিউজিক ভিডিওতেও নাম লেখান মৌ। লিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’, মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে।
এরপর অভিনয়ের দিকে মনোযোগ দেন মৌ। সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’ এবং রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’-তে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে।
ছোটপর্দায় কাজ করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তা এবার চলচ্চিত্রে বিনিয়োগ করতে চান। তবে শুধু বড়পর্দায় উপস্থিতির জন্য সিনেমা করতে চান না তিনি। তার কাছে গল্প ও চরিত্রের গুরুত্বই বেশি।
মৌ রহমান বলেন, “মনের মতো গল্প হলে সিনেমায় কাজ করার ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই বড়পর্দায় কাজ করতে চাই।”
অথচ শোবিজে আসার পরিকল্পনা ছিল না মৌয়ের। পরিবারের ইচ্ছাও ছিল ভিন্ন। বাবা চেয়েছিলেন মেয়ে চিকিৎসক হবেন। কিন্তু সময়ের সঙ্গে সেই পথ বদলে যায়। ঘটনাচক্রে যুক্ত হন বিনোদন অঙ্গনে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা
