শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর বাজারে গ্রাহকদের বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনতে উঠান বৈঠক করেছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিস। সোমবার বিকেল ৪ টার দিকে গাজীপুর বাজারের বাক্কিবিল্লাহ সুপার মার্কেট-সংলগ্ন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ গণি মৈশাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী শান্তনু রায়।
বৈঠকে স্থানীয় গ্রাহকরা বিদ্যুৎ বিল, মিটার রিডিং, অভিযোগ নিষ্পত্তি ও সেবা গ্রহণে বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, অনেক সময় মিটার না দেখেই বিল প্রস্তুতের জন্য রিডিং নেওয়া হয়। ফলে কোনো মাসে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের পরও পরবর্তী সময়ে একই ধরনের ব্যবহার থাকলেও ৫০০ ইউনিট পর্যন্ত বিল আসছে। এতে অতিরিক্ত বিলের পাশাপাশি গ্রাহকদের জরিমানা গুনতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
গ্রাহকরা বলেন, নিয়মিত মিটার পরিদর্শন করে প্রকৃত রিডিং অনুযায়ী বিল প্রস্তুত করা হলে এ ধরনের সমস্যা কমবে। একই সঙ্গে গাজীপুর বাজার, গাজীপুর, নিজমাওনা, শিমলাপাড়া ও চকপাড়া এলাকার গ্রাহকদের অভিযোগ জানাতে দূরের অভিযোগ কেন্দ্রে যেতে হয়। এতে যাতায়াতসহ প্রায় তিন থেকে চার ঘণ্টা সময় ব্যয় হয় বলে জানান তারা।
এ সময় স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীরা গাজীপুর বাজারে একটি অভিযোগ কেন্দ্র স্থাপনের দাবি জানান। তাদের মতে, বাজার এলাকায় অভিযোগ কেন্দ্র স্থাপন করা হলে বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যায় দ্রুত সেবা পাওয়া সম্ভব হবে এবং গ্রাহকদের ভোগান্তিও কমবে।
বৈঠকে গ্রাহকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা লিখে নেন ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়। তিনি এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান। গাজীপুর বাজারে অভিযোগ কেন্দ্র স্থাপনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
বৈঠকে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর সিদ্দিক, অ্যাডভোকেট মামুনুর রশিদ, মো. সফিকুল ইসলাম, উজ্জ্বল হাসান জয়, সোহাগসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও পল্লী বিদ্যুৎ সমিতির বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।