মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার যুবক

ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার যুবক

ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার যুবক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ভাষায় পোস্ট দেওয়ার একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর আশরাফুল ইসলাম সজল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, ফেসবুকে ওই পোস্ট দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার রাতে শ্রীপুর উপজেলার বরামা গ্রামের নিজ বাড়ি থেকে সজলকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। সজল বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে দাবি করেছেন দলটির উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মামুন হাসান।
সম্প্রতি সজলের ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাঁর ফেসবুক আইডিতে গিয়ে ওই পোস্টটি পাওয়া যায়নি। ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে বর্তমান সরকার ও সরকারপ্রধানকে নিয়ে অশালীন ভাষা ব্যবহারের তথ্য দেখা যায়। স্ক্রিনশটটিতে পল্লী বিদ্যুতের একটি বিলের অনলাইন কপিও সংযুক্ত রয়েছে।
সজলের মা আসমা আক্তার বলেন, তাঁর ছেলে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টটি নিয়ে অনেকে আপত্তি জানালে পরে সেটি মুছে দেন তিনি। তাঁর দাবি, পুলিশ তাঁকে জানিয়েছে, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণে সজলকে গ্রেপ্তার করা হয়েছে।
আসমা আক্তার বলেন, ‘অনেকেই এই পোস্ট ডিলিট করতে বলেছে। এরপর আমার ছেলে পোস্ট ডিলিট করে দেয়। তবুও তাকে গ্রেপ্তার করা হলো। এটা মানতে পারছি না।’
এদিকে সজলের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ। তিনি বলেন, ‘সজল আমাদের কর্মী। দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদী কাজ চলছেই। সেই ধারাবাহিকতায় সজলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের পর বিভিন্ন মাধ্যমে তাঁর ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে জানতে পারেন তারা।
ওসি বলেন, ‘তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’