ভাঙা হাত, মাথায় ব্যান্ডেজ-অভিনেতা ইরফান সাজ্জাদের এমন ছবি দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তরা। পাশেই অভিনেত্রী সাদিয়া আয়মান। তার মাথাও সাদা ব্যান্ডেজে মোড়ানো। দুজনের এমন অবস্থা দেখে অনেকেই ভেবেছেন, সত্যিই কোনো দুর্ঘটনা কিংবা মারামারির শিকার হয়েছেন তারা।
তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ইরফান সাজ্জাদ নিজেই জানিয়েছেন, এটি বাস্তব কোনো ঘটনার ছবি নয়; বরং নতুন একটি নাটকের দৃশ্য।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে সাদিয়া আয়মানের সঙ্গে এমন একটি ছবি প্রকাশ করেছেন ইরফান সাজ্জাদ। ছবিতে তার এক হাত ব্যান্ডেজ করা, মাথাতেও রয়েছে ব্যান্ডেজ। অন্যদিকে সাদিয়ার মাথা সাদা ব্যান্ডেজে মোড়ানো। তাদের এমন চেহারা দেখে মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন অনুরাগীরা।
ছবির ক্যাপশনে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’।
অভিনেতার এই ক্যাপশন থেকেই বোঝা যায়, ‘বিবাহ বিভ্রাট’ নামের একটি নাটকের স্থিরচিত্র এটি। তবে নাটকটি কবে মুক্তি পাবে কিংবা এর গল্পে কী থাকছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরফান।
ছোটপর্দায় ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের জুটি দর্শকের কাছে বেশ পরিচিত। সম্প্রতি তাদের অভিনীত ‘বিষণ্ণ মেঘ’ নাটকটি প্রকাশ পেয়েছে। চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটি দর্শকের কাছেও সাড়া ফেলেছে। ইউটিউবে নাটকটির ভিউ এরই মধ্যে ৪ মিলিয়নের ঘর ছুঁয়েছে।
এদিকে ইরফান সাজ্জাদ অভিনীত ‘কর্মফল’ নামের একটি ধারাবাহিকও বর্তমানে প্রচারিত হচ্ছে। মুহিন খান পরিচালিত এই ধারাবাহিকে ইরফান ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু), আখম হাসান, দীপা খন্দকার, মুনিরা মিঠু ও সামিরা খান মাহি।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা