নীলফামারীর সৈয়দপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতা ও এক ক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সৈয়দপুর ও এর আশপাশ এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছে। পরে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত চিরিরবন্দর উপজেলার বাসিন্দা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে সাব্বির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের মতির মোড় ও ফাইলেরিয়া হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাই মোটরসাইকেল কেনার অভিযোগে মো. ফরহাদ হোসেনের হেফাজত থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তাকেও গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজা জানান, চুরি, ছিনতাই ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে থানা পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত উভয় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই সফল অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর (নীলফামারী)
