আনন্দের খবরটি জানিয়ে বম্বে টাইমসকে জুবিন নটিয়াল বলেন, “আমি এখন বাবা! গত ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর অত্যন্ত শুভ দিনে আমাদের ছেলের জন্ম হয়েছে। মা-সন্তান বাড়ি ফিরেছে, তারা দুজনেই সুস্থ আছে।”
সন্তানের জন্য কোনো নাম আগেই ভেবে রেখেছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে জুবিন নটিয়াল বলেন, “আমরা এখনো কোনো নাম ঠিক করিনি। এখন আমরা কেবল তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোই উপভোগ করছি।”
গত এপ্রিলের মাঝামাঝি সময়ে শৈশবের বান্ধবীর সঙ্গে হিমাচলের গাড়োয়াল প্রথায় সাতপাকে বাঁধা পড়েন জুবিন। এসময় উপস্থিত ছিলেন দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। তবে বিয়েতে বলিউডি কোনো গ্ল্যামারের চাকচিক্য ছিল। এমনকি, জুবিন তার স্ত্রীর নাম ও মুখও দেখাননি।
শহিদ কাপুর-কিয়ারা আদভানি অভিনীত ‘কবীর সিং’ সিনেমার ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ গানের কথা নিশ্চয়ই ভুলে যাননি! এ গানটি যার কণ্ঠে তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছে তিনি হলেন—সংগীতশিল্পী জুবিন নটিয়াল।
শুধু কি তাই, তার গাওয়া ‘লুট গায়ে’, ‘সমান্দার মে’, ‘হামনাভা মেরে’-এর মতো অনেক গানই উপহার দিয়েছেন এই শিল্পী। শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন জুবিন।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা