আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে সিঁদুর খেলায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
তন্নী-দে কুমিরা এলাকার অমিত ডেকোরেটরের মালিক মহাদেব দের একমাত্র মেয়ে। প্রায় এক বছর আগে যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামের বাসিন্দা মৃদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। দুর্গাপূজা উপলক্ষে তিনি বাবার বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামে এসেছিলেন।
এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিজয়া দশমী উপলক্ষে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে অন্যান্য নারীর সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তন্নী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাতে তন্নীর মরদেহ কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একমাত্র মেয়েকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
এ সময় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তন্নীর মরদেহ কুমিরা গ্রামে তাঁর বাবার বাড়িতে রয়েছে।