মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় মাদকবিরোধী অভিযানে ১৯ লিটার কান্ট্রি লিকার (Country Liquor) মদসহ ডেবিট রায় (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ৫৭ হাজার টাকা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামে আয়শা মটরসের সামনে ঝিনাইদহ থেকে মাগুরাগামী পাকা সড়কের উত্তর পাশে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে সন্দেহভাজন ডেবিট রায়ের দেহ তল্লাশি করে তাঁর হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে CAREW & CO. (BANGLADESH) LTD.-এর উৎপাদিত কান্ট্রি লিকার মদের ১৯টি বোতল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে এক লিটার করে মোট ১৯ লিটার মদ ছিল।
গ্রেপ্তার ডেবিট রায় ঝিনাইদহ জেলার ঝিনাইদহ থানার হাটগোপালপুর বাজারপাড়া এলাকার সমুয়েল রায়ের ছেলে।
মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।