মোঃ রাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় জব্দ করা ইলিশ ও অন্যান্য মাছ এতিমখানায় বিতরণের পর তা নিজ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিতরণ করা মাছের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মাছ নিজ নিজ প্রতিষ্ঠানে না নিয়ে বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি জানার পর রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, মাদ্রাসাটি আবাসিক নয় এবং বিতরণের জন্য পাওয়া মাছ তিনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আব্দুল্লাহ (২৭) জানান, তিনি ও আবুল হোসেন (৫৫) মাছ ভাগাভাগি করে নিয়েছেন।
অন্যদিকে, বাকি দুটি মাদ্রাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে সরেজমিন পর্যবেক্ষণে প্রতীয়মান হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অপরাধ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ আব্দুল্লাহ ও আবুল হোসেনকে প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।