সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুঁজি ও মূলধন সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব সহায়তা দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন। অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বী করতে এককালীন আর্থিক অনুদানের পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ দেওয়া হয়। এসব সহায়তার মাধ্যমে উপকারভোগীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আয় বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
এদিকে দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর ওফাত উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আসন্ন বার্ষিক ওরছ শরীফের তারিখ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১৩ জানুয়ারি ওরছ শরীফ অনুষ্ঠিত হবে।
ওরছ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত দরবার শরীফে জলসায়ে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত সমবেত হন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকতবিষয়ক ওয়াজ-নসিহত করা হয়।
বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাতে বিশ্বজুড়ে সুখ-শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি মহান আল্লাহর নৈকট্য প্রার্থনা করা হয়।
তানভীর তুহিন
সদরপুর, ফরিদপুর