হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কোনো প্রকার অনুমতি ছাড়া উর্বর কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ফার্মবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, উর্বর ধানী কৃষিজমি এক্সকাভেটর দিয়ে কেটে মাটি অপসারণ করা হচ্ছে। সকাল ৯টার দিকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী উপজেলার হরিনগর গ্রামের শুক্কুর শাহ ফকিরের ছেলে জামাল শাহকে দোষী সাব্যস্ত করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি জানান, কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অন্যদিকে, হবিগঞ্জের বাহুবল উপজেলার সদর ইউনিয়নের জয়নাবাদ এলাকায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কাটার দায়ে নানু মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
