বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মাগুরায় শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মাগুরায় শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা, নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করতে মাগুরায় শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
আগামী ২ অক্টোবর শুক্রবার বিকেল ২টা ৩০ মিনিটে মাগুরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার ছয়টি দল অংশগ্রহণ করবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ‘ক’-তে রয়েছে মাগুরা সদর উপজেলা, মহম্মদপুর উপজেলা ও শ্রীপুর উপজেলা। আর গ্রুপ ‘খ’-তে রয়েছে মাগুরা পৌরসভা, শালিখা উপজেলা ও জেলা পুলিশ, মাগুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি থাকবেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোতাকাব্বীর আহমেদ।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে ২ অক্টোবর মহম্মদপুর উপজেলা মুখোমুখি হবে মাগুরা সদর উপজেলার। ৩ অক্টোবর মাগুরা পৌরসভা খেলবে জেলা পুলিশের বিপক্ষে। ৪ অক্টোবর শ্রীপুর উপজেলা মুখোমুখি হবে মাগুরা সদরের। ৫ অক্টোবর মাগুরা পৌরসভা খেলবে শালিখা উপজেলার বিপক্ষে।
৬ অক্টোবর শ্রীপুর উপজেলা খেলবে মহম্মদপুর উপজেলার বিপক্ষে। ৭ অক্টোবর শালিখা উপজেলা মুখোমুখি হবে জেলা পুলিশের। দুই গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল আগামী ৯ অক্টোবর বিকেল ৩টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।
টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নিয়ে আসাই এ আয়োজনের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় খুঁজে বের করার পাশাপাশি টুর্নামেন্টে শুধু মাগুরা জেলার খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বাইরের জেলার কোনো খেলোয়াড় অংশ নিতে পারবেন না।
তিনি আরও বলেন, সুস্থ মন ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এবং মোবাইল ফোন ও বিভিন্ন ধরনের নেশা থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্ট চলাকালে মাঠের পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং খেলোয়াড়দের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেন, খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে মাগুরার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসার সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী ছয়টি দলের জন্য পৃথক রঙের জার্সির ব্যবস্থা করা হয়েছে। মোট সাতটি ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট সম্পন্ন হবে। ইতোমধ্যে জেলা স্টেডিয়ামে খেলার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠকদের প্রত্যাশা, এ আয়োজন মাগুরার ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করবে এবং তরুণ প্রজন্মকে আরও বেশি খেলাধুলামুখী করে তুলবে।

 

মোঃ সাজ্জাদ হোসেন

 মাগুরা জেলা প্রতিনিধি: