মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন বার্তা—সেবা খাতে বিদেশি কর্মী নিয়োগে আপাতত টান পড়ছে। ২০২৫ সালের নির্ধারিত কোটা প্রায় পূরণ হয়ে যাওয়ায় সরকার আগেভাগেই নতুন আবেদন গ্রহণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে নিয়োগ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত চাপ এড়াতে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ-বিষয়ক মন্ত্রণালয় (KDN)–এর অধীনে পরিচালিত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (KPDN)–এর আওতাভুক্ত সেবা খাতে নতুন আবেদন ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে আর নেওয়া হবে না। এদিন থেকেই কেডিএনের ওয়ান স্টপ সেন্টার (OSC)–এ এই খাতের ফাইল গ্রহণ বন্ধ থাকবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের জন্য সেবা খাতে ৩০ হাজার বিদেশি কর্মীর কোটা নির্ধারিত ছিল। আবেদনসংখ্যা সেই সীমার কাছাকাছি পৌঁছানোয় আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত। তবে আশার খবর হলো—সেবা খাতের বাইরে অন্যান্য অনুমোদিত উপ-খাতে নিয়োগ প্রক্রিয়া চালু থাকবে এবং সেসব ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
কর্তৃপক্ষ নিয়োগকর্তাদের নির্ধারিত সময়সীমা ও বিদ্যমান শর্তাবলী মেনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, পরবর্তী নির্দেশনা জানতে কেডিএন ও কেপিডিএনের অফিসিয়াল নোটিস ও ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।
