দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকামুখী হয়েছেন লাখ লাখ নেতাকর্মী। এর ফলে ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ অংশজুড়ে এই যানজটের চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে মদনপুর পর্যন্ত এবং ঢাকা–সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে রূপগঞ্জের তারাবো পর্যন্ত দীর্ঘ যানজটে জনভোগান্তি চরমে পৌঁছেছে।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানবাহন থেমে থেমে চলাচল করলেও ঢাকা–সিলেট মহাসড়কে একই স্থানে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে রয়েছে। এতে কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীদের সময় ও ভোগান্তি বাড়ছে।
যাত্রী আওলাদ হোসেন বলেন, “আমি মৌচাক থেকে মদনপুর যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। মাত্র ১০ মিনিটের পথ পাড়ি দিতেই এক ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে।”
